ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে ভোট

ডেস্ক নিউজ ‍॥ মার্কিন আইনপ্রণেতারা আগামী সপ্তাহে ইরান যুদ্ধ বন্ধ করতে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরবর্তী যেকোনো হামলার জন্য কংগ্রেসের অনুমোদন নিতে বাধ্য করার একটি প্রস্তাব পাস করতে যাচ্ছেন।

এ ব্যাপারে মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে ভোটাভোটির আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন সিনেটের বিরোদী দলীয় নেতা চাক শুমার। খবর রয়টার্সের।

বুধবার (৮ এপ্রিল) সিনেটের ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার এ ঘোষণা দেন। এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেন।

নিউইয়র্কে তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে শুমার এ কথা বলেন, কংগ্রেসকে অবশ্যই এ ভোটের মাধ্যমে তার কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, বিশেষ করে এই বিপজ্জনক মুহূর্তে।

ট্রাম্প তেহরানকে অবরুদ্ধ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার যে আল্টিমেটাম দিয়েছিলেন, তার দুই ঘণ্টা আগে গত মঙ্গলবার ট্রাম্প নিজেই যুদ্ধবিরতিতে সম্মত হন।

এর আগে ট্রাম্প হুমকি দেন, ‘আজ রাতেই একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে’। এটা বিশ্বব্যাপী উদ্বেগ এবং ডেমোক্র্যাটদের মধ্যে নিন্দার জন্ম দেয়, যাদের মধ্যে অনেকে ট্রাম্পকে পদ থেকে অপসারণের আহ্বান জানান।

যুদ্ধে মানবিক আচরণের বিষয়ে ১৯৪৯ সালের জেনেভা কনভেনশন বেসামরিক নাগরিকদের জন্য অপরিহার্য বলে বিবেচিত স্থানগুলোতে হামলা নিষিদ্ধ করে।

ওই বক্তব্যের জন্য শুমার ট্রাম্পকে উন্মাদ বলে অভিহিত করেন এবং ইরানের সরকারকে দুর্বল করতে বা তার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়ায় এই যুদ্ধের সমালোচনা করেন এবং বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়ারও সমালোচনা করেন।