সংসদ থেকে ফের বিরোধী দলের ওয়াকআউট

ডেস্ক নিউজ ‍॥ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন থেকে আবারও ওয়াকআউট করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার বিকেল ৫টা ৫৬ মিনিটে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। বিতর্কিত কয়েকটি বিল পাসের প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

সংসদ অধিবেশনে ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দলের পক্ষ থেকে জোরালো আপত্তি থাকা সত্ত্বেও বেশ কিছু জনস্বার্থবিরোধী বিল পাস করা হয়েছে। এই বিলগুলোর দায়ভার বিরোধী দল নিতে চায় না বলেই তারা সংসদ থেকে বেরিয়ে যাচ্ছেন। এর আগে গত ১২ মার্চ এবং ১ এপ্রিল আরও দুই দফায় বিভিন্ন ইস্যুতে তারা সংসদ থেকে ওয়াকআউট করেছিলেন।

আজ বিকেলে অধিবেশনে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপনের পর তা কণ্ঠভোটে পাস হয়। বিলটি পাসের পরপরই বিরোধী দলীয় নেতা দাঁড়িয়ে প্রতিবাদ জানান এবং কক্ষ ত্যাগের ঘোষণা দেন।

বিরোধী দলের এমন অবস্থানের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ সংসদে বলেন, আইন প্রণয়নের প্রতিটি ধাপে বিরোধী দলের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। এমনকি কেউ কেউ বিলে সমর্থনও জানিয়েছেন। পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করার পর শেষ মুহূর্তে ওয়াকআউট করা নিরর্থক বলে তিনি মন্তব্য করেন।

তবে সব প্রক্রিয়ায় অংশ নেওয়ায় তিনি বিরোধী দলকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে বিরতির পর তারা পুনরায় অধিবেশনে ফিরে আসবেন।