পাঁচবিবিতে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন প্রকল্পের উদ্বোধন

ডেস্ক নিউজ ‍॥ পাঁচবিবিতে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন প্রকল্পের উদ্বোধন
জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষকদের দীর্ঘদিনের দাবি পূরণে ১৮শ মিটার দৈর্ঘ্যের একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে বাগজানা ইউনিয়নের সোনাপুর এলাকায় এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ৪১ লক্ষ টাকা ব্যয়ে সোনাপুর খোদ্দরশুল ঝিনাইগাড়ী এলাকা থেকে জীবনপুর অভিমুখী এই খালটি খনন করা হচ্ছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে স্থানীয় ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হতো। এতে প্রতি বছর কৃষকরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতেন।

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার কৃষকদের ভাগ্য উন্নয়নে বদ্ধপরিকর এবং ইশতেহার অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে এই কাজগুলো সম্পন্ন করা হচ্ছে। খালটি খনন শেষ হলে ওই অঞ্চলের কয়েকশ একর জমি চাষাবাদের আওতায় আসবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকার ছিদ্দিক উপস্থিত ছিলেন। এছাড়া বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খালটি খননের উদ্যোগ নেওয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা।